ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাপ্পু (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত পাপ্পুর বাবার নাম সাহেব আলী। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামে। গত রোববার (২ জুলাই) পাপ্পু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তার স্বামী মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। ইদের দুই দিন আগে সেখানেই জ্বর হয়। জ্বর নিয়ে তিনি ঈদের পরদিন বাড়িতে আসেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুন মাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার পর্যন্ত হাসপাতালে আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজনকেই আইসিইউতে পাঠানো হয়েছিল। সকালে তার মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত হাসপাতালটি থেকে ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সাতজন রয়েছেন। তারা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার বিপাশা (১৮), গুরুদাসপুর উপজেলার সোহেল রানা (১৯.) নওগাঁ জেলার মান্দা উপজেলার মনিরা (১৩), ধামরহাট উপজেলার সাব্বির(২৫), রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার সিরাতুন (১২), চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকার শহিদুল ইসলাম (৪০) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রাহুল (১২)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, পাপ্পুর ডেঙ্গু রোগের আলমত দেখা পায়। সেই আলামত অনুযায়ী আমাদের হাসপাতলে চিকিৎসা চলে। তার শারীরিক অবস্থার উন্নতি না হলে আইসিইউতে নেওয়া হয়। ডেঙ্গু রোগে তার লিভার ও কিডনি আক্রান্ত হয়। এই মৌসুমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পাপ্পু প্রথম রোগীর মৃত্যু হয়েছে।
(এইদিনএইসময়/০৯জুলাই/এলএ)

