মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড ওয়ারিশদের দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সাধারণত নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে স্মার্টকার্ড হন্তান্তর করে না। তবে মৃত ব্যক্তিদের কার্ড মাঠ কার্যালয়গুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। তাই এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া অবিতরণকৃত কার্ড যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগও নিচ্ছে সংস্থাটি। ইসির এই নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠিয়েছে এনআইডি অনুবিভাগ।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ বিষয়ে গণমাধ্যমকে জানান, মাঠ পর্যায়ে অবিতরণকৃত স্মার্টকার্ডসমূহ রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্টকার্ডসমূহ তার ওয়ারিশদের নিকট প্রদানের নির্দেশনা নির্বাচন কমিশন হতে পাওয়া গেছে। ওই নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রদান করা হয়েছে। রি-বক্সিং করার জন্য যে বক্সের প্রয়োজন হবে তার ব্যবস্থা প্রকল্প পরিচালক গ্রহণ করবেন। রি-বক্সিং এর কাজে জনবলসহ অন্যান্য যে সকল সহযোগিতার প্রয়োজন হবে সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের মতামত বা পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবেন। এক্ষত্রে আন্তরিকতার সাথে এবং দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিং এর কাজ শেষ করতে হবে।
এছাড়া মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ডসমূহ আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মৃত ব্যক্তিদের কার্ড বিতরণের ক্ষেত্রে একটি কমন ফরমেট বা ছক প্রস্তুত করতে হবে। ফরমেট-ছক প্রস্তুতের বিষয়ে এনআইডি অনুবিভাগ এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) যৌথভাবে কার্যক্রম গ্রহণ করতে পারে।
(এইদিনএইসময়/০১আগস্ট/এলএ)

