নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মী জেসমিন সুলতানার মৃত্যুতে দেশ এবং বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বুধবার অনুষ্ঠিত অপর বৈঠকের কার্যবিবরণীতে তা তুলে ধরা হয়। ওই বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশ্বস্ত করে বলেন, নওগাঁর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেসমিন সুলতানার মৃত্যুর বিষয়টি খুবই বিব্রতকর বলে ওই বৈঠকে অভিযোগ করেন সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।
নওগাঁয় জেসমিন সুলতানার মৃত্যুর প্রসঙ্গ টেনে জাপা এমপি পীর ফজলুর রহমান বলেন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো আন্তরিক, কিন্তু প্রান্তিক পর্যায়ে দেখা যাচ্ছে অতি উৎসাহ। একজন অফিসারের নির্দেশনায় এই ঘটনা কীভাবে ঘটতে পারে। মামলা হয়েছে তা-ও তার মৃত্যুর পরে। এ ধরনের ঘটনা শেষ সময়ে সরকারের অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে।
ওই বৈঠকে বাহিনীটির মহাপরিচালক র্যাব হেফাজতে জেসমিন সুলতানার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নওগাঁর জেসমিন ‘হত্যাকাণ্ডে’দেশ, সরকার ও বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজটি করা হয়েছে ক্যাম্প থেকে, ব্যাটালিয়ন বা হেড কোয়ার্টার এ বিষয়ে কিছুই জানত না। এ ঘটনায় অপরাধ যে-ই করুক না কেন, প্রতিষ্ঠান কোনো ব্যক্তির দায় বহন করবে না। সরকারও কোনো দায় নেবে না। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে যুগ্ম সচিবের প্রসঙ্গ এসেছে। তার ফেসবুক আইডি ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। দুই বছর আগে যুগ্ম সচিব ওই নারীর বিরুদ্ধে দুটি জিডি করেছেন।
জেসমিন সুলতানার মৃত্যুর প্রসঙ্গে কমিটির সভাপতি বেনজীর আহমদ বলেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে এমনিতেই বিব্রতকর অবস্থা। যার যে দায়িত্ব তা যথাযথ সময়ে পালন করলে এত সমস্যা তৈরি হতো না। তিনি সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
দায়েরকৃত মামলার ৯২ শতাংশের ক্ষেত্রে অভিযোগপত্র দেওয়া হলেও ১৭ শতাংশের ক্ষেত্রে সাজা হয়েছে বলে সংসদীয় কমিটির ওই বৈঠকে জানান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশের মোট পদসংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৪। সারাদেশে ২০২২ সালে অপরাধ খাতে করা মামলা ২ লাখ ৪ হাজার ২৩৪টি। ৯২ শতাংশ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। সাজার হার কমে বর্তমানে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। পুলিশের যানবাহন প্রয়োজনের তুলনায় কম বলে জানান এই অতিরিক্ত আইজিপি।
দেশের বাইরে দেশবিরোধী প্রোপাগান্ডা ও চক্রান্তকারীদের মোকাবিলায় প্রবাসীদের সহায়তা প্রদানের জন্য দূতাবাসগুলোকে পুলিশ অফিসার পদায়ন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
(এইদিনএইসময়/১৪জুন/এলএ)

