গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানচাপায় রাহাত (৮) ও ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় মাহিয়া আক্তার (৯) নামে দুই শিশু নিহত হয়েছে। এ দুই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হন। কভার্ডভ্যানচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে কভার্ডভ্যানচাপায় রাহাত ও সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে পল্লী বিদুৎ মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় মাহিয়া আক্তার মারা যায়।

নিহত রাহাত (৮) ময়মনসিংহ জেলার পাগলা থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে টঙ্গী এলাকায় থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। নিহত শিশু মাহিয়া আক্তার (৯) ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে। সে শ্যারস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাহিয়া পরিবারের সাথে শ্রীপুরের মুলাইদ গ্রামে বসবাস করত।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, নিহত রাহাতের বাবা পরিবার নিয়ে টঙ্গী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের পাগলা থানার কুরচাই গ্রামের যাওয়ার জন্য মায়ের সাথে বাসযোগে টঙ্গী থেকে মাওনা চৌরাস্তায় নামে। পরে মা-ছেলে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান রাহাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. ফারুককে আটক করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নিমদারচর গ্রামে।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মাহিয়া আক্তার নামে এক শিশু নিহত হয়েছে।

মাহিয়ার বাবা আমিনুল ইসলাম বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এসময় মাহিয়া মাওনা-বরমী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় টেপিরবাড়িগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। মাহিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

(এইদিনএইসময়/১৫জুন/এলএ)

সর্বশেষ নিউজ