ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা, দুই গার্মেন্টসকর্মী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
spot_img
spot_img

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা একটি লাকড়িবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা লেগে দুই গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অনন্ত ১৫ জন। মঙ্গলবার রাত ৯টার দিকে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২২) ও তার মা নাসিমা বেগম (৪৫)। তারা দুজনেই গার্মেন্টসকর্মী ছিলেন।

নিহত নাসিমা বেগমের ছেলে বিপ্লব জানান, ঈদের ছুটিতে আমার মা, ভাই, ভাবি, খালা ও খালুসহ প্রায় ২০ জন বাইপাইল থেকে একটি পিকআপভ্যানযোগে বাড়ি ফিরছিলাম। পথে পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ির ট্রাকে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করেন। পরে জানতে পারি, ঘটনাস্থলেই আমার ভাবি মারা গেছেন। আর হাসপাতালে নেওয়ার পর আমার মায়ের মৃত্যু হয়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এলিন আরাফাত অনিক জানান, ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে এক নারী হাসপাতালে মারা গেছেন। আর পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়িবোঝাই ট্রাকে যাত্রীবাহী পিকআপভ্যান এসে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপভ্যান জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

(এইদিনএইসময়/২৮জুন/এলএ)

সর্বশেষ নিউজ