ভোগান্তি ছাড়াই বাড়তি ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদে সরকারি ছুটি শেষ হয়েছে দুই দিন আগে। ঈদুল আজহার ষষ্ঠ দিন মঙ্গলবারও নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষজন ব্যস্ত নগরীতে ফিরছেন। সকাল থেকে গাবতলী ও কল্যাণপুর এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। অতিরিক্ত ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার লক্ষ্যই এসব মানুষ রাজধানীতে ফিরছেন। আবারও কেউ আসছেন জরুরি প্রয়োজনে।

উত্তরের বিভিন্ন জেলা থেকে সোমবার রাতে যারা রওনা হয়েছিলেন তারা আজ সকালে সাভার, আশুলিয়া, বাইপাইল, গাজীপুর, গাবতলী ও মহাখালীতে পৌঁছেছেন। তবে আসার পথে তেমন কোনো ভোগান্তি বা ঝক্কিঝামেলা ছিল না। লোকজন বাস থেকে নেমেই বাসায় ছুটতে শুরু করেছেন। আবার অনেককে সরাসরি কর্মস্থলে যেতে দেখা গেছে।

সকালে গাবতলী বাস টার্মিনাল, মাজার রোড ও মহাখালী এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ও মাজার রোডে বাস কর্মীদের তেমন কোনো হাঁকডাক নেই। নেই যাত্রী তোলার প্রতিযোগিতা। উত্তরের জেলাগুলো থেকে আসা বাসগুলো গাবতলী সড়কে আসছে আর নীরবে যাত্রী নামিয়ে চলে যাচ্ছে। এসব বাস দুপুরের আগে আবার উত্তরের পথে রওনা হবে।

গাবতলীতে এখন আজ যারা ফিরেছেন তাদের অধিকাংশ কর্মজীবী। কেউ সরকারি আবার কেউ বেসরকারি চাকরি করেন। যাত্রী নামিয়ে বাসগুলো মাজার রোড ও কল্যাণপুরে চলে যাচ্ছে। অধিকাংশ বাসের কাউন্টার গাবতলীতে হওয়ায় যাত্রীদের সেখানেই নামানো হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

(এইদিনএইসময়//৪জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ