নাটোর জেলা বিএনপির কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ অভিযোগ করেন, সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের লোচনগড় ও ভাটপাড়া এলাকার কমিটি গঠন করতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, ‘মোটরসাইকেলে স্টেশনের দিক থেকে বাজারে যাচ্ছিলাম। এই সময় বিএনপির অফিস থেকে আমাদের ওপরে ঢিল ছোড়া হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা পাল্টা ইট-পাটকেল ছোড়ে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রলীগ নেতাকর্মীরা স্টেশনের দিক থেকে মোটরসাইকেলে বাজারের দিকে আসছিল। এ সময় বিএনপি কার্যালয়ের ভেতর থেকে তাদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টা ঢিল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে ঘটনার প্রতিবাদে বিকেলে আলাইপুরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলামসহ প্রমুখ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(এইদিনএইসময়/০৯জুলাই/এলএ)

