ফুলবাড়ী সীমান্তে আসামি ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারি ধাওয়া করতে গিয়ে নদীতে ডুবে মাহবুব আলম (৩১) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী বারোমাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আট মাস বয়সি এক কন্যাসন্তানের জনক।

স্থানীয়দর্শীর তথ্য থেকে জানা যায়, টহলরত তিনজন বিজিবির সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। তাকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনই নদী সাঁতরিয়ে অপর কিনারায় হাঁটুপানিতে ওঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।

এ সময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করলে স্থানীয়রা নৌকাসহ এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা অটোরিকশায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আনোয়ার হোসেন বলেন, বিজিবি সদস্য মাহবুব আলমকে রাত সাড়ে ৯টায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এইদিনএইসময়/১২জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ