রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে মো. আনোয়ার হোসেন (২৮) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে আনোয়ার হোসেন আহত হন বলে জানা গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আহতকে নিয়ে আসা সহযোদ্ধা বাবু গাজী গণমাধ্যমকে জানান, আমরা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিএনপির সমাবেশে আসতেছি। কিন্তু মতিঝিলের নটরডেম কলেজের সামনে আসামাত্রই আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর লাঠিসোটা দিয়ে আঘাত করে। এই ঘটনায় আনোয়ার হোসেন গুরুতর আহত হলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করি। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরও জানান, আহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কলাপাহাড়ি গ্রামের বেপারী মোল্লা সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মতিঝিলের নটরডেম কলেজের সামনে থেকে বিএনপির এক কর্মী আহত অবস্থায় এসেছে। তার অবস্থা গুরুতর। তার শরীরে লাঠির আঘাত ও ফোলা জখমের চিহ্ন দেখা গেছে। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।
(এইদিনএইসময়/২৮জুলাই/এলএ)

