চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার জহুরপুরটেক সীমান্ত হতে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস হতে আনুমানিক দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণগুলো আটক করা হয়।
দুপুরে ৫৩ বিজিবি সদর দপ্তর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার আটক করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় এই স্বর্ণ বারসহ চোরাচালন পণ্য আটকে সফল হচ্ছেন।
(এইদিনএইসময়/৩০আগস্ট/এলএ)

