আদালত থেকে হাতকড়াসহ পালানো আসামি ৩ দিন পর ফের গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

হবিগঞ্জে আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ৩ দিন পর মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (২৪) ফের গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে গোপন সংবাদেরভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তিনি জানান, শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে তথ্য নিয়ে তাকে কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যায়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু।

মুহুর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ হুল্লুড় শুরু হয়। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লাশি শুরু করে। এর আগে গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেন্সিডিল।

সে মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। রাজু একজন পেশাদার মাদক কারবারি।

(এইদিনএইসময়/১১সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ