একজন হতভাগ্য মা এবং তার নবজাতক সন্তানসহ ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পর ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা হলো।
দেশটির দক্ষিণ হাতায় প্রদেশের সামান্দাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ডেইলি সাবাহ’র।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত নবজাতকে একটি থার্মাল কম্বলে ইয়াগিজকে পেঁচিয়ে অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তার মাকে স্ট্রেচারে বের করে আনা হয়। উভয়ের স্বাস্থ্যের বিষয়ে তৎক্ষণিকভাবে সর্বশেষ খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা ধারনা করছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে জীবিত আছেন। যদিও ভূমিকম্পের চার দিন পর ঠাণ্ডা আবহাওয়া এবং তুষারপাতের মধ্যে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্ষিণ হয়ে আসছিল।
গত ৬ ফেব্রুয়ারি ভোররাতে তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে দুই দেশে মৃত্যের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধু তুরস্কেরই ১৮ হাজারের বেশি মানুষ।
অপরদিকে তুরস্কে ভূমিকম্প কবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এসব প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা করছে, ভূমিকম্পে অন্তত ২ কোটি ৩০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব ব্যাংক তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১.৭৮ বিলিয়ন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে।

