মোটর সাইকেলের হেলমেট চুরির অভিযোগে মো. সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত রাইড শেয়ারিং এর আড়ালে এসব হেলমেট চুরি করেন। তার কাছ থেকে ৩টি হেলমেট উদ্ধার করা হয়।

হেলমেট চোর সিফাত
গ্রেফতার সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিং এর কাজ করেন। রাইড শেয়ারিং এর সুবাদে তিনি সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিং-এ যেতে পারেন। পার্কিং-এ গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন। আর এসব কাজে যাতে তিনি ধরা না পরেন সেজন্য মোটরসাইকেলের নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন। তার আসল নাম্বার প্লেটের পরিবর্তে ভুয়া নাম্বার প্লেট লাগিয়েই চুরি করেন তিনি। বুধবার এই কৌশলে হেলমেট চুরি করতে গেলে তাকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি হেলমেট উদ্ধার করা হয়।চুরির কাজে ব্যবহৃত তার মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
(নিজস্ব প্রতিবেদক/এইদিন এইসময় )

