বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য করিডোর পেতে চায় মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব হ্রাস করতেই এমন প্রস্তাব দিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলাদেশের মধ্যে দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে।এটি মুলত একটি বিকল্প অর্থনৈতিক করিডর হবে।
সাঙমার প্রস্তাবিত এই করিডোরটির দৈর্ঘ্য হবে ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি। এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলিকে সংযুক্ত করবে। মহেন্দ্রগঞ্জ ও হিলি দুই শহরেরই সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের।
করিডোরটি নির্মাণ করা গেলে মহেন্দ্রগঞ্জের পাশাপাশি মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি জেলার সঙ্গেও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন সম্ভব হবে বলে জানিয়েছেন কনরাড। তবে কবে নাগাদ এটি হতে পারে, তা বলা একটু কঠিন। কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারও যুক্ত।তিনি বলেন,আমরা এই ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাব।
উল্লেখ্য, বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এ ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছিল নয়াদিল্লি।
এদিকে, বাংলাদেশের ভেতর দিয়ে মেঘালয় রাজ্যের করিডোর চাওয়ার বিষয়টিকে মামার বাড়ির আব্দার বলছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ভারত শুধু নেওয়ার ফিকির নিয়ে আব্দার করে। দেওয়ার জায়গায় বাংলাদেশ কী পেয়েছে সেই হিসাব করার সময় এসেছে।

