বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন ডা. শফিকুর রহমান।
জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি-এর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে শিমাদা তোমোকি সম্প্রতি নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও জাপান-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
ডা. শফিকুর রহমান জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অবকাঠামো, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

