আবারও ভেঙে গেল আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারা-র সংসার। গত রমজানের চাঁদরাতেই স্ত্রীকে তালাক দিয়েছেন আবু ত্বহা আদনান। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
শনিবার (৯ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সারা নিজেই।
জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। কিন্তু চার মাসের মাথায় আবারও তাদের বিচ্ছেদ ঘটে।
এর আগে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয়েছিল তাদের। পরে পারিবারিকভাবে আবারও এক হন তারা। তবে দ্বিতীয় দফার সংসারও শেষ পর্যন্ত টেকেনি।
বিচ্ছেদের কারণ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি আবু ত্বহা বা সারা। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে বিষয়টি জানতে সারার ভাই জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনে সাড়া পাওয়া যায়নি।
রংপুরের বাসিন্দা আবু ত্বহা আদনান দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি অনলাইন মাদ্রাসা পরিচালনা করছেন।
২০১৭ সালে ইউটিউবে ইসলামি আলোচনা শুরু করার মাধ্যমে পরিচিতি পান তিনি। কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সংকট ও দাম্পত্যজীবন নিয়ে তার আলোচনা ব্যাপকভাবে আলোচিত হয়।

