পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এই স্লোগানকে শুধু মুখে নয়, প্রতিটি কর্মকাণ্ডে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হলে ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলেও তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা চেইন অব কমান্ড ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে থানায় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
তিনি জানান, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে এবং তদন্ত ও অপারেশন রেকর্ডেড করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধ মোকাবিলায় পৃথক একটি সাইবার ক্রাইম ইউনিট গঠনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি সাইবার আইন আরও আধুনিক করার কাজ চলছে।
এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি পুলিশ একাডেমি এবং একটি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা উন্নত করতে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালসহ বিভাগীয় হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

