অভিমান ভাঙাতে এসে পেলেন স্বামীর পচাগলা ঝুলন্ত মরদেহ

অপরাধ প্রতিবেদন
spot_img
spot_img

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার চার দিন পর নিজ ঘর থেকে এক প্রবাসীর পচাগলা ও বিকৃত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস মাঝি (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা এবং পেশায় ব্রুনাই প্রবাসী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে স্ত্রী ডলি বেগমের সঙ্গে ইলিয়াস মাঝির পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে ডলি বেগম পাশের বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ইলিয়াস নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে একাই অবস্থান করছিলেন।

সোমবার বিকেলে স্বামীর খোঁজ নিতে বা অভিমান ভাঙাতে নিজের ঘরে ফিরে আসেন ডলি বেগম। কিন্তু ঘরে ঢুকে তিনি দেখতে পান, দ্বিতীয় তলার সিঁড়ির সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন তার স্বামী ইলিয়াস মাঝি। এ সময় মরদেহে পচন ধরায় তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহে পচন ধরেছিল এবং মাছি জড়ো হয়েছিল। ঠিক কতদিন আগে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও অভিমানের বিষয়টি জানা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ নিউজ