রাজশাহীর পবায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, যুবলীগ নেতা শনাক্ত

অপরাধ প্রতিবেদন
spot_img
spot_img

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজশাহীর পবা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই মিছিল বের করেন নেতাকর্মীরা। তবে কয়েক মিনিট স্থায়ী এই কর্মসূচি শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ২০ জন নেতাকর্মীকে এই মিছিলে অংশ নিতে দেখা গেছে। মিছিলের ব্যানারে লেখা ছিল— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এইদিন এইসময়-কে জানান, পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করেই মিছিলটি বের করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ করে নেতাকর্মীরা সটকে পড়েন। মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশের মুখে মাস্ক থাকলেও, মাস্ক না পরার কারণে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিছিলের বিষয়টি তাদের জানা নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ