যাত্রীসেবার মান ও পরিধি বাড়াতে ঢাকা মেট্রোরেল চলাচলের সময় উভয় প্রান্তে আরও ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। আজ (রোববার, ৭ জুন) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ১০টায়, যা আগে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যেত। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। আগে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ছিল রাত সাড়ে ৯টা।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এই নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে এই বর্ধিত ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং পরিচালনাগত সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে, নতুন সূচির ফলে এই ট্রিপের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। শুরুতে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও, পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করে সেবার পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

