গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিএনপির সমাবেশের অনুমতি: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিভিন্ন গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণের পর বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। তবে কবে নাগাদ অনুমতি দেয়া যাবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ঢাকা বিভাগে গণসমাবেশ করবে তার অনুমতির জন্য দলের নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন। আমরা লিখিত দরখাস্ত পেয়েছি। এখন সেটি বিবেচনা করে দেখব অনুমতি দেয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এরকম কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, তাদের গ্রেপ্তার করবো।

বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কতদিন লাগবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আজকে আবেদন করেছেন, আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

সর্বশেষ নিউজ