ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে।
নিহতের নাম আলতাফুর রহমান । তিনি ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউপি সদস্য আব্দুল মালেক জানান, প্রতিদিনের মতো আলতাফুর রহমান নিজের জমিতে ধান কাটছিলেন। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় ও বিদ্যুৎ চমকাতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। ঠিক সেই মুহূর্তেই বজ্রপাত হলে তা সরাসরি তার মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফিরোজ আলম জানান, মৃত অবস্থায় আলতাফুর রহমানকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যু বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও গ্রামজুড়ে।

