যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই ফের অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে একযোগে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও, কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই পৃথক হামলাগুলোর তথ্য জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত দু’টি ড্রোনকে তারা নিজেদের আকাশসীমায় শনাক্ত করে সফলভাবে বাধা দিতে সক্ষম হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানের এই প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন সফলভাবে মোকাবিলা করেছে।”
হামলার পর থেকে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে।

