সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার (১১ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১৩২টি হজ ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত দুইজন নারীসহ মোট ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

এছাড়া সৌদি মেডিকেল টিম সরাসরি ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১৪ হাজার ৮৬৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

হজ অফিস জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনা করছে মোট ৬৬০টি এজেন্সি।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অবশিষ্ট হজযাত্রীরাও ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে।

সর্বশেষ নিউজ