অবশেষে ব্যান্ড শার্পনেল মেথড তাদের প্রথম মৌলিক অ্যালবাম ‘সূর্যোদয়’ প্রকাশ করতে যাচ্ছে। শার্পনেল মেথড রক প্রজন্মের কাছে বেশ পরিচিত এক নাম। গত এক দশক ধরে তারা তাদের নিউ মেটাল ও রক ধাঁচের গানের মাধ্যমে ভক্তদের মাঝে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এ পর্যন্ত ব্যান্ডটি তাদের পাঁচটি গান বিভিন্ন মিশ্র অ্যালবামে প্রকাশ করেছে। গানগুলো তাদের ভক্তদের মাঝে বেশ সমাদৃত।
এবার তারা তাদের ভক্তদের একটি পূর্ণ অ্যালবাম উপহার দিতে যাচ্ছে, যা আ২৪ জুন লয় রেকর্ডসের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামটি Youtube, Spotify, Apple Music এবং অ্যামাজন মিউজিকসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী উন্মুক্ত হবে৷
১৪ জুন সন্ধ্যা ৭টায় লয় রেকর্ডস ক্লাব নটর ডেমিয়ানসে শার্পনেল মেথডের নতুন অ্যালবাম ‘সূর্যোদয়’-এর লিসেনিং পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে দেশের রকসংগীতপ্রেমী ও দেশবরেণ্য শিল্পীরা উপস্থিত ছিলেন।
লয় রেকর্ডসের সিইও শেখ মনিরুল আলম টিপু সবার উদ্দেশ্যে বলেন, ‘সূর্যোদয়’ অ্যালবামটি খুব ভালো হয়েছে। সবাই গানগুলো শুনবেন এবং আমাদের উৎসাহ দিবেন। ভবিষ্যতে আমরা যেন আরও ভালো ভালো গান দর্শক-শ্রোতাদেরকে উপহার দিতে পারি।
ব্যান্ড-এর ভোকালিস্ট রিয়েল বলেন, লয় রেকর্ডসের সাথে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। আশা করি, এই পার্টনারশিপ আমাদের ব্যান্ডকে অনেক দূর নিয়ে যাবে এবং আমাদের এত দিন এর পরিশ্রম শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করে দেবে।
ব্যান্ডের গিটারিস্ট সামির হাফিজ বলেন, আমরা বিশ্বব্যাপী আমাদের ভক্তদের কাছে ‘সূর্যোদয়’ প্রকাশ করতে পেরে আনন্দিত। এই অ্যালবামটি আমাদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের চূড়ান্ত পরিণতি এবং আমরা আমাদের ভক্তদের এটি শোনানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
‘সূর্যোদয়’ একটি ব্যতিক্রমী অ্যালবাম যেখানে হার্ডরক এবং মেটালের একটি অনন্য মিশ্রণ রয়েছে। অ্যালবামে বাংলা ও ইংরেজি মিলিয়ে ১০টি গান রয়েছে। অতৃপ্তর ভারী রিফ থেকে শুরু করে ‘তবু’, ও ‘সূর্যোদয়’-এর মতো অল্টারনেটিভ রক গানগুলো এক একটি অসাধারণ সৃষ্টি।
(এইদিনএইসময়/১৫জুন/এলএ)

