বগুড়ার শেরপুরে ট্রাকেচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মহিপুর হাজীপুর মডেল মসজিদের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– বগুড়ার শেরপুরের জামালপুর গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী চায়না আকতার (৪৪), হামছায়াপুর গ্রামের হাবিবুর রহমানের চার বছরের শিশুসন্তান নুরে জান্নাত লুবা এবং রাজশাহীর বাসিন্দা গোলাম কবির (৪২)।
আহতরা হলেন– নিহত শিশু লুবার মা তানজিলা আকতার (২৪), যাত্রী মোজাম্মেল হক (৫০), আসাদ হোসেন (৪০) এবং অটোরিকশাচালক রুবেল মিয়া (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, বিকালে সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের ফিডার রোড থেকে ঢাকা-রংপুর মহাসড়কে ওঠে। সেখানে যাত্রী ওঠানামার সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী চায়না আকতার, শিশু নুরে জান্নাত লুবা মারা যান। হাইওয়ে পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রী গোলাম কবির, নিহত লুবার মা তানজিলা আকতার, মোজাম্মেল হক, আসাদ হোসেন ও অটোরিকশাচালক রুবেলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে গোলাম কবির মারা যান। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শক আবদুল ওয়াদুদ জানান, নিহত গোলাম কবিরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে শেরপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
(এইদিনএইসময়/১৫জুন/এলএ)

