ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার (২০জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করলো। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। 

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে ছুটির সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

তখন তিনি বলেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে মানুষ সবাই একসঙ্গে রওনা করে। সড়কে চাপ পড়ে। গত ঈদে আমরা এক দিন বাড়তি ছুটি দিয়েছিলাম, তখন খুব ভালো ফল পেয়েছি। গত ঈদুল ফিতরে কোনো জটিলতা হয়নি। দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। ঈদুল আজহার আগে যাতে দুদিন ছুটি পায়, সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রী করে দিয়েছেন।

এবার ঈদে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।

 

 

(এইদিনএইসময়/২০জুন/তাবী)

 

সর্বশেষ নিউজ