ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে রবিবার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্যারিসের জুরিস পার্ক থেকে বিপুলসংখ্যক প্রবাসী মিছিলসহ গণতন্ত্রের চত্বর হিসাবে পরিচিত রিপাবলিকে গিয়ে জড়ো হন। এসময় মিছিলটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা।
রিপাবলিক চত্বরে আয়োজিত সমাবেশ শেষে কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা।
আবুল খায়ের হত্যার সুষ্ঠু বিচার, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বাংলাদেশিসহ বিদেশিদের নিরাপত্তায় ফ্রান্স প্রশাসনের কার্যকর ভূমিকা ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ মে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি নিহত আবুল খায়ের চৌধুরী নিখোঁজ হোন। পরবর্তীতে ২৬ মে প্যারিসের অদূরে ট্রেন স্টেশনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল খায়ের চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামে।
এদিকে হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও এখনো আসামিদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।
(এইদিনএইসময়/২৬জুন/এলএ)

