জমে ওঠেছে রাজধানীর দুই সিটির স্থায়ী ও অস্থায়ী কুরবানির পশুর হাট। বৃষ্টির মধ্যেও মঙ্গলবার সকাল থেকে বেশ জমে ওঠে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে প্রতিটি হাট সরগরম। সহনীয় দামে পছন্দের পশু কিনতে পেরে স্বস্তি দেখা গেছে ক্রেতাদের। বিক্রি জমে ওঠায় বিক্রেতাদের মুখেও হাসি। শুরুর দিকে বিক্রেতারা যেমন দাম হাঁকছিলেন, বিক্রি জমে ওঠার পর তারা সেই চড়া দাম থেকে কিছুটা সরে এসেছেন তারা। তবে হাটভেদে পশুর দামের পার্থক্য রয়েছে।
দেশের সর্ববৃহৎ পশুহাট গাবতলীতেও বিক্রি জমে উঠেছে। হাটভর্তি পশু, ক্রেতার উপস্থিতিও অনেক। গাবতলী হাটের বেপারিরা জানান, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অনেক গরু বিক্রি হয়েছে। আশা করি, বুধবার দুপুরের মধ্যে বেশিরভাগ গরু বিক্রি হয়ে যাবে।
মোহাম্মদপুরের বছিলাহাটে বিক্রি জমজমাট। কিছুক্ষণ পরপরই গরু কিনে হাট থেকে বের হচ্ছেন ক্রেতারা।
মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের বাসিন্দা ইকবাল হোসেন বছিলাহাট থেকে একটি ষাঁড় কিনেছেন ১ লাখ ৪৫ হাজার টাকায়। বলেন, হাটে দেশি গরুর সমাগম হয়েছে। গত বছরের চেয়ে দাম বেশি হলেও পছন্দের গরু কিনতে পারায় আমরা খুশি।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় হাটগুলো কাদায় পরিপূর্ণ। কিছু গরুর উপরে থাকলেও অনেক গরুর উপরই ছাউনি নেই। এ অবস্থায় ক্রেতা-বিক্রেতারা বেশ ভোগান্তিতে পড়েছেন।
এদিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বলেন, গতবছর পরীক্ষামূলকভাবে স্মার্ট হাট শুরু করেছিলাম। জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা এ বছর ৮টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ব্যবস্থা রেখেছি। এখানে এসে দেখলাম, একজন ক্রেতা যে গরুটি পছন্দ করেছেন সেই পরিমাণ টাকা তিনি সঙ্গে নিয়ে আসেননি। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে পছন্দের গরুটি কিনেছেন। আবার একজন বিক্রেতা গরু বিক্রির টাকা সঙ্গে বহন না করে হাটেই ডিজিটাল বুথে ব্যাংক অ্যাকাউন্ট খুলে জমা করেন। ডিএনসিসির স্মার্ট হাটের ডিজিটাল লেনদেন ব্যবস্থার ফলেই এটি সম্ভব হয়েছে।
(এইদিনএইসময়/২৭জুন/এলএ)

