পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার। আজই কোরবানির পশু কেনার শেষ দিন। ইতোমধ্যেই অনেকে সাধ্য অনুযায়ী পছন্দের পশুটি কিনেছেন। তবে যারা এখনও কেনেননি, তারা বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে আসছেন। বুধবার দুপুর পর্যন্ত কমলাপুর পশুর হাটে পর্যাপ্ত পরিমাণ গরু ও ছাগল ছিল।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেক ক্রেতা দূরদূরান্ত থেকে কমলাপুর পশুর হাটে আসছেন। হাটে এখনও অনেক গরু-ছাগল রয়েছে। বৃষ্টির মধ্যে তাবু টানিয়ে গরুকে নিরাপদ রাখতে চেষ্টা করছেন বেপারীরা।
গত ২ দিন এই হাটে পশু বেচা বিক্রি কম হলেও মঙ্গলবার রাতে প্রচুর গরু ও ছাগল বিক্রি হয়। এ কারণে হাট অনেকাংশে খালি হয়ে গিয়েছিল। তবে গভীর রাত এবং বুধবার সকালে আবার হাটে বিপুল পরিমাণ গরু-ছাগল আনা হয়। এ কারণে হাটে এখনও পর্যাপ্ত গরু ছাগল রয়েছে। ক্রেতারা চাহিদা কিংবা পছন্দমত গরু-ছাগল কিনছেন।
নবাবপুরের ভুট্টু মিয়া জানান, গতবারের তুলনায় এবার গরুর দাম তুলনামূলক কম। ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। অথচ এ গরুটি গতবার কিনতে গেলে দেড় লাখ টাকাও লেগে যেতে পারত। যাই হোক আল্লাহর নামে কোরবানি করছি, এটাই শুকরিয়া।
দক্ষিণ কমলাপুরের শরিফউদ্দিন জানান, গত দুদিন আগে এই হাটে এসে দামাদামি করেছিলাম। তখন একটি গরুর দাম চাওয়া হয়েছিল ১ লাখ ৩৫ হাজার টাকা। অথচ বুধবার সেটা কিনলাম ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে। অন্য হাটের তুলনায় এই হাটে কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে কম।
টাঙ্গাইলের বেপারী রহমত উল্লাহ জানান, গতবারের তুলনায় এবার গরুর দাম ভালোই পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। ৩৫টি গরু এনেছিলাম, এর মধ্যে ২২টি বিক্রি হয়ে গেছে। এখনো অনেক ক্রেতা আসছেন। আশা করছি, বাকিগুলোও আজই বিক্রি হয়ে যাবে।
ইজারদার সিরাজুল ইসলাম বলেন, বৃষ্টি থাকলেও সকাল থেকে অনেক ক্রেতা আসছেন। পশু কিনে নিয়ে যাচ্ছেন। চাঁদ রাত পর্যন্ত এখানে যেন পর্যাপ্ত গরু-ছাগল থাকে আমরা সে ব্যবস্থা করেছি। সবাই এসে নির্বিঘ্নে কিনতে পারবেন।
(এইদিনএইসময়/২৮জুন/এলএ)

