বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, কার্যত গৃহবন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। এই মুহূর্তে তার দেশের আসার সুযোগ নেই। সিনিয়র বেশ কয়েকজন নেতা দেশের বাইরে ব্যক্তিগত ও চিকিৎসাজনিত কারণে। সব মিলিয়ে দলের নেতাকর্মীদের মনে এবারও নেই ঈদের আনন্দ।
দলীয় সূত্র জানায়, চেয়ারপারসন খালেদা জিয়ার ঘরবন্দি ঈদ করা ছাড়া উপায় নেই। এই মুহূর্তে সুযোগ বা সামর্থ্য নেই প্রকাশ্যে শুভেচ্ছা বিনিময়ের।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ঢাকায়, আব্দুল মঈন খান নরসিংদী থেকে ঢাকায় ফিরবেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আমেরিকা, সালাউদ্দিন আহমেদ ভারতে, ইকবাল হোসেন মাহমুদ টুকু দেশের বাইরে চিকিৎসাধীন।
ঈদ উদযাপন ও দলীয় কর্মসূচিতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার তিনি সেখানে ঈদ উদযাপন করবেন।
এছাড়া বিএনপি সিনিয়র ও গুরুত্বপূর্ণ অন্য নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, এক যুগের বেশি সময় আমাদের ওপর আওয়ামী লীগ সরকারের যে জুলুম-নির্যাতন চলমান- তাতে আমাদের ঈদ অনেকটাই ফিকে হয়ে এসেছে। আমাদের নেত্রীকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে। বহু নেতাকর্মীকে এই সময়ের মধ্যে গুম করা হয়েছে, খুন হয়েছে। বহু পরিবার নিঃস্ব। তাই স্বাভাবিকভাবেই ঈদ খুব খুশির হয়ে আমাদের কাছে ধরা দেয় না।
(এইদিনএইসময়/২৮জুন/এলএ)

