ঢাকা ফাঁকা, নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী অনেকেই নাড়ির টানে বাড়ি গেছেন। বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় এই ব্যস্ততম নগরী এখন প্রায় ফাঁকা। এতে করে স্বাভাবিকভাবেই চুরি-ডাকাতি, ছিনতাইসহ নানান অপরাধের শঙ্কা বেড়ে যায়।

তবে রাজধানীবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

অন্যদিকে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি র‍্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে সবকিছু বিবেচনায় ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সব কটি ইউনিটের বাড়তি তৎপরতা থাকছে। অপতৎপরতা ঠেকাতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ মাঠে থাকবে। র‍্যাব-পুলিশের চেকপোস্ট থাকবে গুরুত্বপূর্ণ সব এলাকায়।

রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বনানী ও বারিধারায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশ এবং বাহির পথে চেকপোস্ট বসানো হয়েছে। থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম। এ ছাড়া সারাদেশে ব্যাংক বন্ধ থাকায় এটিএম বুথগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে জানান, যেসব পেশাদার অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাগারে আছে। ঈদের আগে যেহেতু তাদের জামিনের সম্ভাবনা নেই, তাই এতোগুলো অপরাধী জেলে থাকলে, পুলিশ কর্তৃক নজরদারি সহজ হবে। আর বাইরে থেকে যাতে কেউ দুর্ঘটনা ঘাটাতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকছি।

ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তার দাবি, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসাবাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করেন, তা জানানো হয়েছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‍্যাব। একইসঙ্গে ঈদে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

সর্বশেষ নিউজ