ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়কে ঝরল দুই স্কুলছাত্রের প্রাণ

মেহেরপুর প্রতিনিধি
spot_img
spot_img

মেহেরপুরে চলন্ত মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই বন্ধু।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জিসান (১৪) ও সামিউল ইসলাম বিজয় (১৫)। জিসান মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আশরাফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। আহতরা হলো- মেহেরপুর শহরের বোসপাড়ার সাদাত (১৩) ও কাসারিপাড়ার সিয়াম (১৩)।

বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই হাফিজুর রহমান জানান, জিসান ও তার কয়েক বন্ধু তিনটি মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা থেকে ঘুরে মেহেরপুর শহরের দিকে আসছিল। চলন্ত মোটরসাইকেলে তাদের আড্ডা চলছিল। নতুন দরবেশপুরে পৌঁছানোর পর সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জিসানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে বন্ধুদের দুটি মোটরসাইকেল জিসানের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় জিসানসহ তার তিন বন্ধু।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিকাল সোয়া চারটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউলের মৃত্যু হয়।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শোভন মল্লিক জানান, ভর্তি থাকা দুই ছাত্রের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত তিনটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই হাফিজুর রহমান।

(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

সর্বশেষ নিউজ