নগরীর জিইসি, দুই নম্বর গেট, মুরাদপুর, বহাদ্দারহাট, ওয়াসা, কাজির দেউরি, দেওয়ানহাট, চকবাজার, নতুন ব্রিজ, নিউ মার্কেট, একে খান, কর্নেলহাট, অক্সিজেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে ছুটা মাংসের হাট। এসব ছুটা মাংস নিয়ে বসেছেন নিম্ন আয়ের মানুষ। আর প্রয়োজন অনুসারে মাংস কিনে নিচ্ছেন ক্রেতারা। এসব মোড় অস্থায়ী মাংসের হাটে পরিণত হয়েছে।
নিম্ন-আয়ের মানুষেরা ঈদুল আজহায় পাওয়া অতিরিক্ত মাংস বিক্রি করতে এসেছেন চট্টগ্রাম নগরীর এসব মোড়ে। কেউ কেউ সামর্থ্যবানদের বাসাবাড়ি থেকে কোরবানির মাংস খুঁজে পেয়েছেন। কেউ বা কসাই বা সহযোগী হিসেবে কাজ করার বিনিময়ে পেয়েছেন কিছু মাংস। এসব মাংস বিক্রি করছেন তারা।
কেজি দরে মানভেদে ৬০০ থেকে ৮০০ টাকায় মাংস বিক্রি হচ্ছে এসব হাটে। আবার থলিতে করেও ভাগে ভাগে বিক্রি করছেন অনেকে। পরিমাণ অনুসারে ১২০০, ১৫০০, ১৮০০, ২৫০০, ৩৫০০ ও ৫০০০ হাজার টাকায় দর দিচ্ছেন বিক্রেতারা। দর কষাকষির পর তা কিনে নিচ্ছেন ক্রেতারা।
মৌসুমি দিনমজুর মো. আবু সাঈদ কয়েক ভাগ মাংস নিয়ে বসেছেন নগরীর জিইসি মোড়ে। সঙ্গে তার ছয় বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া ছেলে সিফাতুর রহমান শাওন। বৃহস্পতিবার ইদুল আজহায় দিনব্যাপী নগরীর খুলশী এলাকার তিনটি বাড়িতে কসাইয়ের কাজ করেছেন তিনি। ৪ হাজার টাকার পাশাপাশি প্রায় ১০ কেজি মাংস পেয়েছেন তিন বাড়ি থেকে। বিকালে মাংসগুলো তিন ভাগ করে বিক্রির জন্য বসেছেন এখানে।
আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। হাফেজি পড়াচ্ছি। এখানে খরচ আছে। তাই মাংস বিক্রির টাকাটুকু ছেলের পড়ার খরচের জন্য রেখে দেব। বিভিন্ন ক্লাবে বয়ের কাজ করি। কাজ না থাকলে রিকশাও চালাই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, তাই মাংসগুলো বিক্রি করে দিচ্ছি।
জিইসি মোড়ে ৫ হাজার টাকা এক ব্যাগ মাংসের দাম হাঁকাচ্ছেন দম্পতি বাদশা মিয়া ও রিমা আক্তার। নগরীর ঝাউতলা রেলগেটে বসবাসকারী এই দম্পতির মধ্যে স্বামী দিনমজুর ও স্ত্রী বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। নগরীর শেষপ্রান্ত কালুরঘাটের কর্ণফুলী নদীর পাড়ের বিভিন্ন বসতবাড়িতে মাংস খুঁজেছেন দিনভর। সারাদিনের পাওয়া মাংস দুই ভাগে বিক্রি করতে এনেছেন তারা। এক ভাগ সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি করেছেন। এরপর শেষ ব্যাগের দাম হাঁকাচ্ছিলেন ৫ হাজারে।
এদিকে সাত বছর বয়সী কন্যাকে নিয়ে বোনের ঘর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় যাচ্ছিলেন মদিনা বেগম। পথে দুই নম্বর গেটে কিছু মাংস কিনতে দরদাম করছিলেন তিনি। মদিনা গণমাধ্যমকে বলেন, আমি কোরবানি দিতে পারিনি। আমার স্বামী চাকরি থেকে কিছু মাংস এনেছেন। আমার বোনের বাসায় যাচ্ছি। তাদের সামর্থ্য নেই। তাই ১,২০০ টাকা দিয়ে কিছু মাংস কিনছি বোনকে দেওয়ার জন্য।
(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

