হঠাৎই মন ভার হয়ে গিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের। কারণ, মঙ্গলবার হটাৎই রটে যায়, যুক্তরাষ্ট্রে শুটিং করতে গিয়ে নাকে মারাত্মক আঘাত পেয়েছেন কিং খান। তার নাকে অস্ত্রোপচার করাতে হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবরও ছাপা হয়।
কিন্তু সত্যিটা হলো, শাহরুখ খানের দুর্ঘটনায় আহত হওয়া বা অস্ত্রোপচারের খবর সত্যি নয়। পুরোটাই ভুয়া। বুধবার সকালে সুস্থ শরীরেই দেশে ফিরেছেন বলিউড কিং। তার নাকে আঘাতের কোনো চিহ্ন নেই। নেই কোনো ব্যান্ডেজ।
ছোট ছেলে আব্রাম খানকে সঙ্গে এদিন শাহরুখকে মুম্বাই বিমানবন্দরে আনতে যান তার স্ত্রী গৌরী খান। সেই ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। সেসব ছবিই বলছে, শাহরুখ খান একেবারেই সুস্থ আছেন। কোনো ধরনের দুর্ঘটনার শিকার তিনি হননি। বরং হয়েছেন ভুয়া খবরের শিকার।
মঙ্গলবার ভারতের হিন্দুস্থান টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকাকালীন একটি শ্যুটে নাকে চোট পান শাহরুখ খান। রক্তপাত শুরু হয়। আঘাতের ফলে তার নাকের অস্ত্রোপচার করা হয়।’
এই সম্পর্কে কথা বলতে গিয়ে বুধবার কিং খানের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শাহরুখ খান এবং তার স্বাস্থ্য সম্পর্কে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’
বুধবার বিমানবন্দর থেকে করা শাহরুখের ছবি আর ভিডিও দেখে এক ভক্ত মন্তব্য করেন, ‘নাকে একটা ব্যান্ডেজ নেই। একদম ফ্রেশ লাগছে দেখে। একেবারেই মনে হচ্ছে না কোনো চোট পেয়েছে’। আরেকজনের মন্তব্য, ‘হাসতে দেখে কী যে খুশি হলাম। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কাল থেকে মনটা খারাপ হয়ে ছিল।’
এদিন সকালে নীল সোয়েট শার্ট, সাদা টি-শার্ট আর ডনিম ট্রাউজারে মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন শাহরুখ খান। পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাসেন, থাম্বস আপ দেখান। স্বামীর সঙ্গে টুইনিং করে পোশাক পরেছিলেন কিং খানের তিন দশকের সঙ্গী গৌরী।
(এইদিনএইসময়//৫জুলাই/তাবী)

