বিভিন্ন সময় শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে পূজা চেরির। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী। বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা তিনি। শুধু বাংলাদেশেই নয়, কলকাতায়ও ছবি করেছেন তিনি। রাজ চক্রবর্তীর পরিচালনায় আদৃত রায়ের বিপরীতে ‘নুর জাহান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যাঁর সঙ্গেই ছবি করছেন তাঁর সঙ্গেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে তাঁর। তবে সব থেকে বেশি প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে শাকিব খানের সঙ্গে। সম্প্রতি নিজের বিয়ে থেকে সহ-অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা।
সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পূজার বিয়ে নিয়ে এ তথ্য ভাইরাল হয়েছে। যা জেনে অবাক হয়েছেন নেটিজেনরা।
সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, পর্দায় কোনো নায়কের সঙ্গে অভিনয়ের পরই প্রেমের গুঞ্জন উঠে। এর মানে হলো পর্দায় আমরা ভালো কাজ করেছি। সিনেমায় জুটি হয়ে কাজ করলে প্রেমের গুঞ্জন উঠাটাই স্বাভাবিক। তা নিয়ে বেশি ভাবলে কাজ বন্ধ করে বাসায় থালাবাসন মাজা উচিত।
পূজা আরও জানান, আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে চাই। তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। নিজের কাজ নিয়েই বেশি ভাবছি। তবে তার মানে এই নয় আমি বিয়ে করব না।
নিজের বিয়ে প্রসঙ্গে পূজা জানান, আমি কখনই মিডিয়ার কাউকে বিয়ে করব না। যখন বিয়ে করব তখন চলচ্চিত্রকে বিদায় জানাব। তাই বিয়ের আগে ভালো কিছু সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।
পূজার এমন মন্তব্যে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে প্রিয় নায়িকার বিয়ের সঙ্গে সিনেমার অভিনয়কে বিদায়ের খবরে হতাশও হয়েছেন।
এই মুহূর্তে মাকে নিয়ে আমেরিকায় আছেন অভিনেত্রী। আমেরিকা থেকে ১০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরেই কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু করবেন পূজা চেরি।
(এইদিনএইসময়//৮জুলাই/তাবী)

