সৌদিতে আগুনে পুড়ে মারা যাওয়া বারেকের বাড়ি নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি
spot_img
spot_img

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত ৭ বাংলাদেশির মধ্যে একজনের নাম বারেক সরদার (৪৫)। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুর মন্ডলপাড়ায়। বারেক ওই গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহত বারেকের বড় ভাই শাহাদাত হোসেন।

নিহত বারেক সরদারের বড় ভাই শাহাদাত হোসেন জানান, বারেক ২০০৬ সালে সৌদি আরবে যায়। এরপর সবশেষ ২০১০ সালে বাড়িতে এসেছিল। এরপর আবারো যায় সৌদি আরব। তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাদের জানায়। এই পরিবারের বারেক ছিল একমাত্র উপার্জনের ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর রাখছি।

উল্লেখ্য, শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় ওই ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে পুড়ে নয়জন মারা যান। নিহত ৯ জনের মধ্যে সাতজন বাংলাদেশি। ৯ একজনের মধ্যে বারেক সরদারের বাড়ি নওগাঁ।

(এইদিনএইসময়/১৫জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ