গাইবান্ধা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যাওয়ার পথে ট্রাকচাপায় নাজমুল হাসান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল হাসান উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল হাসান গোবিন্দগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দেয়। এসময় বকচর নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাজমুল হাসান সড়কে ছিটকে পড়লে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুল হাসানকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার অনেক পরে আমরা বিষয়টি জানতে পেরেছি। তাই ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
(এইদিনএইসময়/২১জুলাই/এলএ)

