তেঁতুলিয়ায় থ্রি হুইলার-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান ও থ্রি হুলার সংঘর্ষে নুর ইসলাম নুরু (৩৫) নামে থ্রি হুইলারচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন থ্রি হুইলারের আরও দুই যাত্রী। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরের পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ডাহুক সেতু মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলামের বাড়ি বোদা উপজেলার বেংহারি বনগ্রাম এলাকায়।

আহতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বিউটিপাড়া এলাকার অজিত চন্দ্র রায় (৪০) ও আটোয়ারী উপজেলার গাঠিয়া পাড়া এলাকার দেবীচরণ চন্দ্র বর্মন (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থ্রি হুলার নিয়ে চিকিৎসার জন্য ভারতগামী এক দম্পতিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনে রেখে তার স্বজনরা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ডাহুক ব্রিজ পাড় হয়ে মোড় নেওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় থ্রি হুইলার চালক নুর ইসলাম, যাত্রী অজিত ও দেবীচরণ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অজি ও দেবীচরণকে তার স্বজনরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা কাভার্ডভ্যানের ধাক্কায় থ্রি হুইলার চালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। আমরা মরদেহের সুরতহাল করেছি। এ ঘটনায় হাইওয়ে আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

(এইদিনএইসময়/২১জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ