মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় মহসিন আহমদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মহসিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া (গাজীপুর) গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেনটিভ হিসেবে কাজ করতেন। বর্তমানে শহরের উছলাপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে পেশাগত দায়িত্ব পালন শেষ করে বাসায় ফিরছিলেন মহসিন। পথে দক্ষিণ বাজার এলাকায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মহসিন মারা যান।
(এইদিনএইসময়/২২জুলাই/এলএ)

