দাঁড়িয়ে থাকা লরিতে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ফেনীতে দাঁড়িয়ে থাকা লরির পিছনে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফুলগাজী উপজেলার পূর্বঘনিয়া মোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) এবং পরশুরামের মালিপাথর এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে ইঞ্জিনের সমস্যা হওয়ায় একটি লরি ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর মুন্সিরহাট বাজার সংলগ্ন স্থানে দাঁড় করানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া এক দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ওই লরিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রীরা আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা অটোরিকশা চালকসহ ৩ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ওসি আবুল হাসিম বলেন, নিহত ২ যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এইদিনএইসময়/২৪জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ