‘নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার আইসিটি বিভাগে ওয়েবসাইটের তথ্য ফাঁস বিষয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া এখানে শুধু তথ্যই চুরি হয়েছে, আঙুলের ছাপ বা রেটিনার তথ্য আলাদা সার্ভারে থাকায় তা সুরক্ষিত আছে।

তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট থেকে। এটি হয়েছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতার কারণে। প্রতিষ্ঠানটির ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতেও তদারকির অভাব পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

তিনি বলেন, আমরা ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় কাজ করছি। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, সরকারি সংস্থা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (জন্ম ও মৃত্যুনিবন্ধন) ওয়েবসাইট থেকে কী পরিমাণ ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল, তা জানা যায়নি। তথ্য ফাঁসের ঘটনার তদন্তেও তা আসেনি।

পুলিশি মামলা বা তদন্ত হবে কি না, জানতে চাইলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগ সেদিকে যাবে না। যে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান অথবা পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। সুপারিশেও মামলার বিষয় নেই।

২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সুপারিশ ও গাইডলাইনগুলো মানছে না বলেই ঘটনাগুলো ঘটছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সার্ট, সক টিম করতে হবে প্রত্যেককে। এর জন্য আলাদা বাজেট থাকতে হবে। নয়তো ৫ টাকা খরচের ভয়ে ৫০ টাকার ক্ষতি হয়ে যাবে। পরের মিটিংগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে বৈঠক করার চেষ্টা করবেন বলে জানান।

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। টেকক্রাঞ্চ প্রতিবেদনটি করেছিল দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপোলোসের বরাত দিয়ে। সেই প্রতিবেদনে ৫০ লাখ মানুষের তথ্য ফাঁস ছিল বলে উল্লেখ করা হয়েছিল।

কত মানুষের তথ্য ফাঁস হয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কত মানুষের তথ্য ফাঁস হয়েছে, তা জানা যায়নি। আর্কিটেকচারের দুর্বলতা ছিল। লগবুক ছিল না। তিনি আরও বলেন, ৫০ লাখ মানুষের তথ্য যে উন্মুক্ত ছিল, তা গ্রহণযোগ্য নয়। তবে ৫০ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে কি না, সেটা অসত্য বলেও ধরা যাচ্ছে না, আবার মিথ্যাও বলা যাচ্ছে না।

সভায় জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের প্রতিনিধি জানান, কত তথ্য উন্মুক্ত ছিল, তা বলা সম্ভব নয়। তবে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এই তথ্যগুলো ডার্ক ওয়েবে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তথ্য কেউ হ্যাক করে নিয়ে গেছে, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।

(এইদিনএইসময়/২৪জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ