রাজশাহীতে ট্রাক, অটোরিকশা ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন ।
বুধবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাগমারা উপজেলার জিয়াপাড়া এলাকার আজিবুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকার আবুল হোসেন (৫৫) এবং ব্যাটারিচালিত অটোচালক জাহাঙ্গীর (৪৫)। আহতরা হলেন, মোহনপুর উপজেলা আমরাইলে এলাকার মজিবর (৬০), তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নওগাঁ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল।
(এইদিনএইসময়/২আগস্ট/তাবী)

