রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এই মামলা করেন। হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলায় হিরো আলম অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’

এর আগে রোববার রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) গিয়েছিলেন হিরো আলম। সেখানে তিনি বলেন, ‘সংবিধানে লেখা আছে পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয় না। আমার তো কোনো দিকে ত্রুটি পায়নি যে হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে তারা আমাকে পাগল কেন বলবে, অশিক্ষিত কেন বলবে? বাংলাদেশে, পৃথিবীর বুকে আমাকে অপমান করে কথা বলেছে। আমি তো তাদের দলেও না, বিএনপিকে নিয়ে কখনো কথাও বলিনি।’

প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।

(এইদিনএইসময়/০৭আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ