মামলা করে হিরো আলম বললেন- ‘রিজভীকে মাফ করে দেয়া হোক’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করে হিরো আলম সাংবাদিকদের বলেন, রিজভী আমার বাপের বয়সী, তাকে মাফ করে দেয়া হোক। অন্যদের সতর্ক করতেই তিনি  মামলাটি করেছেন বলে জানান।

সোমবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। এরপর তার আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি।

এজলাস থেকে বেরিয়ে হিরো আলম বলেন, রিজভী আমার বাপের বয়সী, তাকে মাফ করে দেয়া হোক। মানুষ মাত্রই ভুল হয়, এজন্য আমি মামলা করতে চাইনি। তবে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ-বিএনপির কোনো লোক আমাকে নিয়ে বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে গালিগালাজ করলে আমি কাউকেই ছাড় দিব না।

এর আগে তার আইনজীবী মুনসুর আলী রিপন আদালতে যুক্তি উপস্থাপন শুনানিতে বলেন, একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেওয়া উচিত না। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন সেটা কোনোভাবেই উচিৎ হয়নি।

এরপর আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও  ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী।

(এইদিনএইসময়/০৭আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ