আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক তিনটি সংসদীয় আসনে ভোট করেছেন। সবশেষে ঢাকা-১৭ আসনে নির্বাচন করেন। এর আগে বগুড়া-৪ ও ৬ আসন ফাঁকা হলে চলতি বছর এ দুটি আসন থেকেই ভোট করেন হিরো আলম। তখনও তার মার্কা ছিল একতারা। তবে সব ভোটেই তিনি পরাজিত হন।
সবচেয়ে আলোচনার জন্ম দেয়া ঢাকা-১৭ আসনের ভোট৷ নানা নাটকীয়তার প্রার্থিতা ফিরে পান হিরো আলম। এই উপনির্বাচনেও তিনি নেন একতারা প্রতীক৷
পরাজিত হলেও এই নির্বাচনে হামলার শিকার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসেন হিরো আলম।
বৃহস্পতিবার দুটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। নতুন দুই দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমকে দেয়া হয় নোঙর আর সুপ্রিম পার্টিকে দেয়া হয় একতারা প্রতীক।
এখন থেকে একতারা প্রতীক দলীয় হওয়ায় ভবিষ্যতে এই প্রতীকে আর স্বতন্ত্রভাবে ভোট করার সুযোগ নেই। বিষয়টি শুনে বেশ অবাকই হয়েছেন হিরো আলম।
আক্ষেপ করে গণমাধ্যমকে হিরো আলম বলেন, কি আর করা ভাই। এমপি তো আর জীবনে হতে পারব না মনে হয়৷ চেষ্টা চালালাম তিনবার। একতারাটাও চলে গেল। কি আর করা। ভবিষ্যতে যে দল পাব, সেই দলের বা স্বতন্ত্রভাবে যে মার্কা পাব- সেই মার্কায় ভোট করব৷
(এইদিনএইসময়/১১আগস্ট/এলএ)

