গরিব-অসুস্থ রোগীদের সহায়তা দিয়ে আসছে সরকার: হুইপ গিনি

গাইবান্ধা প্রতিনিধি
spot_img
spot_img

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের নজর সর্বক্ষেত্রে রয়েছে। প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ দেওয়ার পাশাপাশি সমাজ সেবার মাধ্যমে গরিব-অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে সরকার। বিশেষ করে দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বড় ভূমিকা পালন করে সমাজসেবা অধিদপ্তর।

রোববার দুপুরে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে ক্যান্সার, কিডনিসহ দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে গরিব, অসহায় ৫৯ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাকবে।

সরকারের প্রশংসা করে হুইপ বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন বলেই বাংলাদেশের এত উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠনের ফলেই মানুষ  বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানার ওসি মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে হুইপ গিনি উপজেলা মৎস্য অফিস-এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুটি পুকুরে ৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।

(এইদিনএইসময়/১৩আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ