গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আশঙ্কাজনক ছেলে

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের মুক্তারবাড়ি এলাকায় রোববার রাতে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ফরমান মন্ডল মারা গেছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরমান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, ফরমান আলীর ৯৫ শতাংশ বার্ন অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে দগ্ধ তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে। এছাড়াও এ ঘটনায় দগ্ধ মিনারুলের বৃদ্ধা মা খাদিজা বেগম (৬৫) শফিকুল ইসলাম (৩৪) নামে গ্যাস মিস্ত্রির চিকিৎসা চলছে।

মহানগরীর বোর্ডবাজার মুক্তারবাড়ি এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তান বাবামাকে নিয়ে বসবাস করেন। রোববার বিকালে তাদের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার থেকে একটি গ্যাস ভরা সিলিন্ডার কিনে নিয়ে আসেন। সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর পর গ্যাস জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে একজন মিস্ত্রি নিয়ে এসে সেটি মেরামত করে। মেরামত শেষে গ্যাসে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্না ঘরে থাকা মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল তার পিতা ফরমান মন্ডল অগ্নিদদ্ধ হয়। এসময় তার স্ত্রী সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় রক্ষা পান। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনেট ভর্তি করেন।

গাজীপুরের গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

(এইদিনএইসময়/১৫আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ