কাজ শেষে বাসায় ফেরার পথে দুবাইয়ের আজমান শহরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসরাফিল (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ইসরাফিলের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি নোয়াখালীতে চলছে মাতম।
বৃহস্পতিবার বিকেলে ইসরাফিলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন, তার আত্মীয় (তালতো ভাই) সোলাইমান বাদশা।
তিনি জানান, বুধবার সকালে বিদেশ থেকে ইসরাফিলের এক সহকর্মী তার মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে পরিবারের লোকজনকে জানান।
নিহত মো. ইসরাফিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের দায়েম উল্যাহ মৌলভী বাড়ির মৃত আবুল বাসারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে গত ৮ বছর আগে দুবাইতে পাড়ি জমান ইসরাফিল। গত বছর দেশে ফিরে এসে বিয়ে করেন তিনি। বিয়ের পর ছুটি শেষে ফের দুবাইতে চলে যান ইসরাফিল। পরবর্তীতে ওখানে নির্দিষ্ট কোনো কাজ না থাকায় যেখানে কাজ পেতেন সেখানে গিয়ে কাজ করতেন।
স্থানীয় সময় সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান ইসরাফিল। পরে মঙ্গলবার রাত পর্যন্ত সে বাসায় না ফিরে আসায় বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে ওই দিন রাতে স্থানীয় একটি হাসপাতাল থেকে বাসার এক সহকর্মীকে কল দিয়ে জানানো হয় গাড়ি চাপায় ইসরাফিল নিহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে রেখে যায়। বর্তমানে তার মৃতদেহ ওই হাসপাতালে রয়েছে।
চরপার্বতী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সে খুবই ভালো মানুষ ছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে ইসরাফিলের মৃতদেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেছেন তিনি।
(এইদিনএইসময়/১৭আগস্ট/এলএ)

