১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমনি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী পালন হলো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমনি। অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। কিন্তু দেখা যায়নি তাঁকে।
এদিকে ঢাকায় ফেরার পর রাজের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার দুপুরে পাওয়া গেল এই অভিনেতাকে।
ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই সেটি নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে ফিরে একজন বাবা হিসেবে অনুষ্ঠানে আগের রাতে বাবুকে দেখতে বাসায় গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি।’

